নিরোধ নির্বাণ প্রশ্ন-মীমাংসা
রাজা বললেন-ভন্তে, নিরোধ হওয়াই নির্বাণ কি? হাঁ মহারাজ। ভন্তে, নিরোধ হওয়াই যে নির্বাণ তাহা কিরূপ? মহারাজ, এই জগতে যত অজ্ঞ ব্যক্তি আছে, সকলেই ভিতরের বাহিরের চক্ষু রূপাদি আয়তনকে অভিনন্দন করে, প্রশংসা করে এবং সেই আয়তনে আসক্ত হয়ে থাকে। তাহারা সেই স্রোতে ডুবে যায়। জন্ম-জরা-মরণ-শোক-পরিদেবন-দুঃখ-দৌর্মনস্য-উপায়াস হইতে মুক্তিলাভ করে না। সেই কারণে সেই দুঃখ হইতে অব্যাহতি পায় না বলে বলছি। যিনি জ্ঞানবান আর্যশ্রাবক তিনি কখনও ঐ ভিতর-বাহির আয়তনকে ভালবাসেই না, তাহাতে প্রশংসাযোগ্য কিছুই দেখেন না। উহাতে আসক্তও হন না, এই কারণে তাঁহার তৃষ্ণা নিরোধ হয়, তৃষ্ণার নিরোধে উপাদান নিরোধ হয়, উপাদানের নিরোধে ভব নিরোধ হয়, ভবের নিরোধে জন্ম নিরোধ হয়, জন্মের নিরোধে জরা-মরণ-শোক-পরিদেবন-দুঃখ দৌর্মনস্য উপায়াস নিরুদ্ধ হয়। এই প্রকারে যাবতীয় দুঃখরাশির নিরোধ হয়। এই কারণেই মহারাজ, নিরোধ হওয়াই নির্বাণ। ভন্তে, আপনি সুদক্ষ।
নির্বাণ লাভ প্রশ্ন-মীমাংসা
রাজা বলিলেন- ভন্তে, সকলেই নির্বাণ লাভ করে কি? না মহারাজ, সকলেই নির্বাণ লাভ করে না। কিন্তু মহারাজ, যিনি সম্যকরূপে ধর্ম-নীতি রক্ষা করেন অর্থাৎ যাহা অভিজ্ঞেয় পরিজ্ঞেয় দুঃখ সত্য, তাহা জানেন। যাহা পরিত্যাজ্য সমুদয় সত্য, তাহা পরিত্যাগ করেন। যাহা ভাবনীয় মার্গ সত্য তাহা ভাবনা করেন। যাহা প্রত্যক্ষ করণীয় নিরোধ সত্য, তাহা প্রত্যক্ষ করেন। তিনিই নির্বাণ লাভ করেন। ভন্তে, আপনি সুদক্ষ।
নির্বাণ অলাভেও সুখবোধ প্রশ্ন-মীমাংসা
রাজা বলিলেন- ভন্তে, যে নির্বাণ লাভ করে নাই, সে কি নির্বাণের সুখ জানিতে পারে? হাঁ মহারাজ, জানিতে পারে; কি প্রকারে জানিতে পারে? কেমন মহারাজ, যাহাদের হস্ত-পদ ছিন্ন হয় নাই, তাহারা কি জানিতে পারে, হস্তপদ ছিন্ন হইলে দুঃখ আছে? হাঁ ভন্তে, জানে। কি প্রকারে জানে? ভন্তে, হস্ত পদ ছিন্ন হইয়া যাহারা বিলাপ করিতেছে, তাহাদের শব্দ শুনিয়া তাহাতে যে দুঃখ আছে এই কারণে জানিতে পারে। এই প্রকার মহারাজ, যাঁহারা নির্বাণ দর্শন করিয়াছেন, তাঁহাদের শব্দ শুনিয়া, নির্বাণে যে সুখ আছে, উহা সে জানিতে পারে। ভন্তে, আপনি সুদক্ষ।

No comments:
Post a Comment