Followers

Saturday, December 24, 2016

চক্ষুবিজ্ঞান ও মনোবিজ্ঞান প্রশ্ন

                                            চক্ষুবিজ্ঞান ও মনোবিজ্ঞান প্রশ্ন-মীমাংসা

                     রাজা বলিলেন-“ভন্তে, চক্ষু-বিজ্ঞান যেখানে উৎপন্ন হয়, মনোবিজ্ঞানও সেখানে উৎপন্ন হয় কি?” “হাঁ মহারাজ।” “ভন্তে, চক্ষুবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে কোন্‌টি প্রথমে, কোন্‌টি পরে উৎপন্ন হয়? মহারাজ, প্রথম চক্ষুবিজ্ঞান পরে মনোবিজ্ঞান উৎপন্ন হয়।” “তাহা হইলে কি ভন্তে, চক্ষুবিজ্ঞান মনোবিজ্ঞানকে আদেশ করে-আমি যেখানে উৎপন্ন হইব, তুমিও সেখানে উৎপন্ন হইও? অথবা মনোবিজ্ঞান চক্ষুবিজ্ঞানকে আদেশ করে-যেখানে তুমি উৎপন্ন হইবে, আমিও সেখানে উৎপন্ন হইব?” “না মহারাজ”, “পরস্পরের তেমন কোন আলাপ হয় না!” “তবে ভন্তে, কি প্রকারে যেখানে চক্ষুবিজ্ঞান উৎপন্ন হয়, সেখানে মনোবিজ্ঞানও উৎপন্ন হয়?” “মহারাজ, তাহা নিম্নত্ব, দ্বারত্ব, পরিচয়ত্ব, ব্যবহারত্ব ভেদে উৎপন্ন হয়।” “ভন্তে, নিম্নত্ব হেতু কি প্রকারে যেখানে চক্ষুবিজ্ঞান উৎপন্ন হয়, সেখানে মনোবিজ্ঞান উৎপন্ন হয়?”
উপমা প্রদান করুন।- মহারাজ, তাহা কেমন মনে করেন, যখন বৃষ্টি হয়, তখন জল কোন্‌ দিক দিয়া গমন করে?” “ভন্তে, যেইদিকে নিম্ন, সেইদিক দিয়া গমন করে।” যদি অন্য সময় বৃষ্টি হয়, সেই জল কোন্‌ দিক দিয়া গমন করে?” “পূর্বে যেই দিক দিয়া জল গিয়াছে, এখনও সেইদিক দিয়া গমন করিবে।” “কেমন মহারাজ, আগের জল কি শেষের জলকে এমন আদেশ করে যে-আমি যেইদিক দিয়া যাইতেছি, তুমিও সেইদিক দিয়া যাইও। শেষের জল কি আগের জলের প্রতি আদেশ করে যে-যেই দিক দিয়া তুমি যাইবে, আমিও সেইদিক দিয়া গমন করিব।” “না ভন্তে, তাহাদের পরস্পরের তেমন আলাপ নাই। নিম্নতা হেতু জল চলিয়া যাইতেছে।” “সেইরূপ চক্ষুবিজ্ঞান, মনোবিজ্ঞানও নিম্নত্ব হেতুই উৎপন্ন হইয়া থাকে।”ভন্তে, দ্বারত্ব হেতু কি প্রকারে যেইখানে চক্ষুবিজ্ঞান উৎপন্ন হয়, সেইখানে মনোবিজ্ঞানও উৎপন্ন হয়?
উপমা প্রদান করুন।- “মহারাজ, আপনি এইটি কেমন মনে করেন? রাজার সীমান্ত নগরে সুদৃঢ় প্রাচীর ও ফটক আছে, কিন্তু দরজা একটি, যদি কোন পুরুষ নগর হইতে বাহির হইতে চায়, কোন্‌ দ্বারদিয়া সে বাহির হইবে? “ভন্তে, দরজা দিয়া বাহির হইবে।” “যদি অপর একজন পুরুষ বাহির হইতে চায়, সে কোন্‌ দ্বার দিয়া বাহির হইবে?” পূর্ব-ব্যক্তি যেই দ্বার দিয়া বাহির হইয়াছে, সেও সেই দ্বার দিয়া বাহির হইবে। “কেমন মহারাজ, আগের পুরুষ, শেষের পুরুষকে এইরূপ আদেশ করে কি, আমি যেইদিক দিয়া যাইতেছি, তুমিও সেইদিক দিয়া যাইও? অথবা শেষের পুরুষ আগের পুরুষকে বলে কি, তুমি যেইদিক দিয়া যাইতেছ, আমিও সেইদিক দিয়া যাইব।” “না ভন্তে”, “তাহাদের পরস্পরের আলাপ নাই।” দ্বার আছে বলিয়া গমন করে। সেইরূপ চক্ষুবিজ্ঞান, মনোবিজ্ঞানও দ্বারত্ব হেতুই গমন করে।
               ভন্তে, পরিচয়ত্ব হেতু কি প্রকারে যেখানে চক্ষুবিজ্ঞান উৎপন্ন হয়, সেখানে মনোবিজ্ঞানও উৎপন্ন হয়?
উপমা প্রদান করুন।- মহারাজ, আপনি এইটি কেমন মনে করেন? প্রথম একটা গাড়ী চলিয়া গেল, তৎপর দ্বিতীয় গাড়ীটা কোন্‌ দিক দিয়া যাইবে? ভন্তে, আগের গাড়ী যেই দিক দিয়া গিয়াছে, শেষের গাড়ীটিও সেই দিক দিয়া যাইবে। কেমন মহারাজ, আগের গাড়ী কি শেষের গাড়ীকে আদেশ করে- আমি যেই দিক দিয়া যাইতেছি, তুমিও সেই দিক দিয়া যাইও। অথবা শেষের গাড়ী আগের গাড়ীকে কি আদেশ করে-তুমি যেই দিক দিয়া যাইবে, আমিও সেই দিক দিয়া যাইব।” “না ভন্তে”, “তাহাদের পরস্পরের আলাপ নাই। “পরিচয় হেতুই যাইতেছে।” “সেইরূপ চক্ষুবিজ্ঞান, মনোবিজ্ঞানও পরিচয় হেতুই গমন করে।
ভন্তে, কি প্রকারে ব্যবহার হেতু যেইখানে চক্ষুবিজ্ঞান উৎপন্ন হয়, মনোবিজ্ঞানও সেইখানে উৎপন্ন হয়?
উপমা প্রদান করুন।- “মহারাজ যেমন, মুদ্রা গণনা, সংখ্যা লেখা প্রভৃতি শিল্প বিদ্যায় প্রথম আরম্ভকারীর ভুল হইয়া যায়, পরে সাবধানে ব্যবহার করায় আর ভুল হয় না। সেইরূপ চক্ষুবিজ্ঞান, মনোবিজ্ঞানও ব্যবহার ভেদে উৎপন্ন হয়।
       শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়-মন ও তদ্রূপ উপমেয়। ভন্তে, আপনি সুদক্ষ।

No comments:

Post a Comment