স্বাভাবিকাগ্নি ও নিরয়াগ্নি প্রশ্ন-মীমাংসা
রাজা বলিলেন- ভন্তে, আপনারা বলিয়া থাকেন-স্বাভাবিক অগ্নির চেয়ে নরকের অগ্নি বেশী গরম। স্বাভাবিক অগ্নিতে ক্ষুদ্র এক টুকরা পাষাণ ফেলিয়া দিলে সারাদিনেও পুড়িয়া ভষ্ম হয় না, অথচ একখানি বৃহৎ পাাষাণ খণ্ড নরকের অগ্নিতে ফেলিয়া দেওয়ামাত্রেই ভষ্ম হইয়া যায়, আমি এই কথা বিশ্বাস করি না। আরার এইরূপও বলেন-নিরয়ে যেই জীবগণ উৎপন্ন হয়, তাহারা বহু সহস্র বৎসর নিরয়ে পক্ব হইলেও ধ্বংস হয় না, ইহাও আমি বিশ্বাস করি না।
স্থবির বলিলেন- মহারাজ, ইহা আপনি কেমন মনে করেন? মকর, কুম্ভীর, কচ্ছপ, ময়ুর, কপোত প্রভৃতিতে যে
স্ত্রী জাতীয় জীব আছে, তাহারা কি চাঁর, পাষাণ কাঁকরসমূহ খাইয়া থাকে? হাঁ ভন্তে, খায়। এইগুলি তাহাদের পেটের মধ্যে গেলেই জীর্ণ হইয়া যায় কি? হাঁ ভন্তে, জীর্ণ হয়। যদি ঐ সমস্ত জীর্ণ হয়, তবে তাহাদের উদরে যে গর্ভ থাকে, তাহা জীর্ণ হয় কি? না ভন্তে। কারণ কি? মনে হয় ভন্তে, কর্মবলে জীর্ণ হয় না। এইরূপ মহারাজ, কর্মবলেই নিরয়বাসীরা বহু সহস্র বৎসর নিরয়ে পাকিয়া ধ্বংস হয় না। উহারা নিরয়ে উৎপন্ন হয়, নিরয়ে বর্ধিত হয়, আর নিরয়ে মরে। ভগবানও দেশনা করিয়াছেন-“যেই পর্যন্ত জীবগণের পাপকর্ম ধ্বংস না হয়, সেই পর্যন্ত নিরয়ে মরে না।”
পুনরায় উপমা প্রদান করুন।- কেমন মহারাজ, সিংহী-ব্যাঘ্রী-দীপী-কুক্কুরীগণ শক্ত অস্থি-মাংস খায় কি? হাঁ ভন্তে খায়। সেইগুলি তাহাদের হজম হয় কি? হাঁ ভন্তে, হয়। তবে তাহাদের উদরের গর্ভ হজম হয় কি? না ভন্তে। কি কারণে? মনে হয় কর্মবলে হয় না। এই প্রকার মহারাজ, নিরয়ের জীবগণ হাজার হাজার বৎসর নিরয় ভোগ করিলেও নষ্ট হয় না।
পুনরায় উপমা প্রদান করুন।- কেমন মহারাজ, সুকোমল শরীরা যবন-ক্ষত্রিয়-ব্রাহ্মণ-গৃহপতিগণের স্ত্রীরা শক্ত খাদ্য-মাংস খায় কি? হাঁ ভন্তে, খায়। তবে কি তাহাদের সেইগুলি হজম হয়? হাঁ ভন্তে, হয়। তাহাদের উদরের গর্ভ হজম হয় কি? না ভন্তে। কি কারণে? কর্মবলে ধ্বংস হয় না। সেইরূপ নারকীরা কর্মফল ভোগ না করিয়া নষ্ট হইতে পারে না। ভন্তে, আপনি সুদক্ষ।

This comment has been removed by the author.
ReplyDelete