Followers

Wednesday, December 28, 2016

বিজ্ঞাতা প্রশ্ন মীমাংসা


                                                      বিজ্ঞাতা প্রশ্ন-মীমাংসা

রাজা বলিলেন-ভন্তে, বিজ্ঞাতার উপলব্ধি হয় কি? মহারাজ, আপনি কোন্‌ বিজ্ঞাতার কথা বলিতেছেন? ভন্তে, দেহের অভ্যন্তরে যে জীব চক্ষুদ্বারা রূপ দেখে, শ্রোত্রদ্বারা শব্দ শুনে, নাসিকাদ্বারা গন্ধ গ্রহণ করে, জিহ্বাদ্বারা রসাস্বাদ অনুভব করে, কায়ের দ্বারা স্পর্শ-যোগ্য বস্থ স্পর্শ করে ও মনের দ্বারা ধর্ম জানে। যেমন আমরা প্রাসাদে বসিয়া যেই যেই জানালা দিয়া দেখিতে ইচ্ছা করি, সেই সেই জানালা দিয়া দেখি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের যে কোন জানালা দিয়া দেখিতে পারি। এই প্রকার ভন্তে, দেহের অভ্যন্তরে যে জীব আছে, সে শরীরের যেই যেই দরজা দিয়া দেখিতে ইচ্ছা করে, সেই সেই দরজা দিয়া দেখিয়া থাকে। স্থবির বলিলেন, মহারাজ, আমি পঞ্চদ্বার সম্বন্ধে বলিতেছি, তাহা মনোযোগের সহিত শ্রবণ করুন-যদি অভ্যন্তরের জীব আমাদের চারিদিকে জানালা দিয়া দেখার ন্যায় রূপ দেখিয়া থাকে, তাহা হইলে চক্ষু-শ্রোত্র, নাসিকা-জিহ্বা, কায়-মন দিয়া সেইরূপই দেখিয়া থাকিবে, ষড়েন্দ্রিয়ের দ্বারা শব্দ, গন্ধ, রস, স্পর্শ ধর্ম জ্ঞাত হইবে কি? না ভন্তে। তাহা হইলে মহারাজ, আপনার আগের কথার সহিত পরের কথা, পরের কথার সহিত আগের কথা মিলিতেছে না।মহারাজ, আমরা প্রাসাদে বসিয়া জানালাগুলি যখন খুলিয়া দিই এবং বিপুল আকাশ দিয়া মুখটি বাহির করি, তখন ভালমতে রূপ দেখিয়া থাকি, এইরূপ অভ্যন্তরের জীবও চক্ষুদ্বার খুলিয়া দিলে বিপুল আকাশটি ভালমতে দেখিয়া থাকিবে, সেইরূপ অপর ইন্দ্রিয়গুলি ও শব্দাদি জ্ঞাত হইবে কি? না ভন্তে। মহারাজ, আপনার আগের সহিত পরের কথা ও পরের সহিত আগের কথা মিল হইতেছে না।  
       যেমন মহারাজ, দিন্ন নামক এক ব্যক্তি বাহির হইয়া বহির্ফটকে দাঁড়াইল, তবে কি মহারাজ, আপনি জানিবেন, দিন্ন বহির্ফটকে দাঁড়াইয়া রহিয়াছে? হাঁ ভন্তে, জানিব। মহারাজ, দিন্ন ভিতরে প্রবেশ করিয়া আপনার সম্মুখে গিয়া যখন দাঁড়ায়, তখন কি আপনি তাহাকে আমার সম্মুখে দেখিতে পাইতেছি বলিয়া জানিবেন? হাঁ ভন্তে, জানিব। এই প্রকার মহারাজ, অভ্যন্তরে যে জীব আছে, সে কি জিহ্বায় অম্লত্ব, লবণত্ব, তিক্তত্ব, কটুত্ব, কষায়ত্ব, মধুরত্ব রস নিক্ষিপ্ত মাত্রেই জানিতে পারে? হাঁ ভন্তে, জানিতে পারে। সেই রসগুলি পেটের মধ্যে প্রবেশ করিলে অম্লত্ব, লবণত্ব, তিক্তত্ব, কষায়ত্ব, মধুরত্ব জানিতে পারিবে ? না ভন্তে। মহারাজ, আপনার আগের কথার সহিত পরের কথা, পরের কথার সহিত আগের কথা ঐক্য হইতেছে না।
যেমন মহারাজ, কোন পুুরুষ একশত ঘট মধু আনাইয়া মধুর পাত্র পূর্ণ করিল, তৎপর একজন পুরুষের মুখ বাঁধিয়া মধুপাত্রে ফেলিয়া দিল। মহারাজ, সেই পুরুষ কি মধুর মিষ্টতা অমিষ্টতা জানিতে পারিবে? না ভন্তে। কি কারণে? তাহার মুখে মধু প্রবেশ করে নাই বলিয়া। মহারাজ, আপনার আগের কথার সহিত পরের কথা, পরের কথার সহিত আগের কথা ঐক্য হইতেছে না।
ভন্তে, আপনার ন্যায় বাদীর সহিত আলাপ করিতে আমি সমর্থ নহি। আপনি ইহার অর্থ নির্ধারণ করুন।
স্থবির অভিধর্ম সংযুক্ত কথার দ্বারা রাজাকে বুঝাইলেন। মহারাজ, চক্ষুর কারণে রূপে চক্ষু-বিজ্ঞান উৎপন্ন হয়। তাহার সহজাত স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, জীবিতেন্দ্রিয়, মনসিকার। এই প্রকারে এই ধর্মগুলি এক একটির উপকারকরূপে জাত হইয়া থাকে। এই পঞ্চ-স্কন্ধে কোন নির্দিষ্ট বিজ্ঞাতা উপলব্ধি হয় না। তদ্রূপ শ্রোত্রাদিতেও বিজ্ঞাতা উপলব্ধি হয় না। ভন্তে, আপনি সুদক্ষ।


No comments:

Post a Comment